বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল আগামীকাল ২৯ জানুয়ারি বুধবার রাজধানীতে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করবে। পূর্বঘোষিত কর্মসুচির অংশ হিসেবে গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণের প্রতিবাদে ওইদিন সারাদেশে বিক্ষোভের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিরোধী জোট।
এর জন্য ২৩ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদনও করেছে বিএনপি। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম টাইম ‍নিউজকে জানান, রাজধানীতে ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিল করার জন্য অনুমতি চেয়ে গত বুধবার ডিএমপির কাছে আবেদন করা হয়েছে।
তিনি আরো বলেন, আবেদনে মিছিলের রুটসহ দুই স্থানের জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে নয়াপল্টনে কালো পতাকা নিয়ে নেতাকর্মীরা জড়ো হবে। সেখান থেকে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হবে। বিকল্প হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হবে। সেখান থেকে কালো পতাকা মিছিলটি প্রেসক্লাব বিজয় নগর হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
তবে এখন পর্যন্ত  আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছুই জানতে পারি নি। তারপরেও আমরা আশা করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে প্রশাসন সহযোগিতা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অনুমতি  দিবে।
কর্মসুচির প্রস্তুতির সার্বিক বিষয়ে বিএনপির সদস্য সচিব সালাম বলেন, ইতোমধ্যেই কালো পতাকা মিছিলের প্রস্তুতি ও সব নেতাকর্মী উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়েছে। তারা প্রস্তুতি গ্রহণ করছে। এই কর্মসুচিকে সফল করতে এরইমধ্যে বিএনপির সহযোগি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একটি যৌথসভাও করা হয়েছে।
এ কর্মসূচিতে ২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশের চাইতেও বেশি জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২৯ জানুয়ারি সারাদেশে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেন। কেন্দ্রীয়ভাবে রাজধানীতেও একই কর্মসুচি পালনের ঘোষণা দেন তিনি।  এই কর্মসুচিতে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলের শীর্ষ  নেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন না। বিএনপির একাধিক দলীয় সুত্রে এটি নিশ্চিত হওয়া গেছে ।
ঢাকা, এমএইচ, ২৮ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)