সরকার জনগণেরর আনুগত্যে নয়, ভারতের আনুগত্যে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘মৌলিক অধিকার, বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘সরকার ভারতকে ট্রানজিট দিচ্ছে। এটা ট্রানজিট নয়, এটা কড়িডোর। মাত্র ১৮৮ টাকা সামান্য ফি দিয়ে এই সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে। আসলে এটা ফি না, আসল ফি হচ্ছে ভোটারবিহীন সরকারকে সমর্থন। তাই জনগণ জানতে চায় কত দামে ভারতের কাছে দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন।’

তিনি বলেন, সরকার প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতে বসে তিনি সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করেননি ইসরাইলি লিকুদ পাটির নেতা মেন্দিও তা পরিস্কার করেছেন। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। আপনারা ভোটার বিহীন সরকার হওয়ার পর তারা সমর্থন দিয়ে যাচ্ছে। আমেরিকা, তুরস্ক, ইউরোপীয় ইনিয়নসহ-আপনারা সব দেশের বিরুদ্ধে কথা বলার মত দুঃসাহস দেখান, কিন্তু যারা মোসাদকে তাদের দেশে এনে আপনাদের উৎখাতের ষড়যন্ত্র করলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেন, সেটিও করতে পারলেন না।’

এসময় তিনি আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা দায়েরের নিন্দা জানান।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

এমই