সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মোবারক হোসাইন। তিনি বলেছেন,দেশের মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লেও ব্যাপকভাবে মূল্যস্ফীতি ঘটেছে। দেশের মূল্য পরিস্থিতি এখন সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে।

রোববার রাজধানীতে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে মোবারক হোসাইন এসব কথা বলেন। ২০ দলীয় জোট ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নং গোলচত্তর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মো. তসলীম, মাওলানা দেলাওয়ার হোসাইন ও মাহফুজুর রহমান, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দীন আহমদ, জসিম উদ্দীন তালুকদার, মোস্তাফিজুর রহমান,

অধ্যাপক আনোয়ারুল করিম, নূরুল ইসলাম আকন্দ ও জসিম উদ্দীন, রূপনগর থানার ভারপ্রাপ্ত আমীর নাসির উদ্দীন, দারুসসালাম থানা সেক্রেটারি আহমদউল্লাহ ও কাফরুল থানা সেক্রেটরি আব্দুল মতিন খান, আদাবর থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল হান্নান, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামীম হোসেন, সেক্রেটারি ডা. মুজাহিদুল ইসলাম ও ছত্রনেতা আব্দুল আলীম প্রমুখ।

জামায়াত নেতা মোবারক বলেন, মূল্যস্ফীতির মধ্যেই সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। যা জনগণের গোদের উপর বিষফোঁড়ার শামিল। কিন্তু দেশের মানুষ সরকারের এমন গণবিরোধী কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেবে না।

তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করার আহবান জানান। অন্যথায় গণবিরোধী সরকারের বিরুদ্ধে জনগণ তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

মোবারক হোসাইন বলেন, সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে সরকারি দলের অনেক নেতাই অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছেন। অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং জনদুর্ভোগ চরমে উঠবে।

তিনি আরো বলেন, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে নিম্নবিত্ত ও প্রান্তিক জনগণের দুর্ভোগ চরমে উঠবে। মূলত সরকার দেশে সুশাসনের পরিবর্তে অপশাসন ও দুঃশাসন চালাচ্ছে। মূলত এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনদুর্ভোগ বাড়বে বৈ কমবে না। তিনি জালিম সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন বলেছেন, সরকার দেশের মানুষকে সুশাসন উপহার দিতে পারেনি বরং তারা দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। কিন্তু গণবিরোধী এই সরকারের পতনের কোন বিকল্প নেই। তিনি গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখী হতে হবে।

একই দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মতিঝিল জোন আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে ড. হেলাল একথা বলেন। বিক্ষোভ মিছিলটি মৌচাক মার্কেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ রেল ক্রসিংয়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য শামসুর রহমান, শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটরি মো. শরীফ হোসাইন, ছাত্রনেতা সোহেল রানা মিঠু, মতিঝিল থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুতাসিমবিল্লাহ ও জামায়াত নেতা সাইদুর রহমান প্রমুখ।

এআর