সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর জানাযায় লোক সমাগম প্রমাণ করে বিএনপির সমর্থক আছে,কিন্তু তাদের কর্মীরা হরতাল ও অবরোধ সমর্থন করে না। এ জন্যই তাদের (বিএনপি) নেতাকর্মীরা চলমান কর্মসূচিতে মাঠে নামছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার উদ্দেশ্যে হানিফ বলেন, আপনি যদি আপনার দলকে জঙ্গি দল হিসেবে প্রমাণ করেন, তাহলে সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সময়ের ব্যাপার। বর্তমান নৈরাজ্যের মাশুল আপনাকেই দিতে হবে।
তিনি বলেন, আমরা অতীতে মানুষকে আশ্বস্ত করেছিলাম খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে , কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। আমরা মনে করেছিলাম কোন রাজনৈতিক দল মানুষকে পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে মারার মত কর্মসূচী দিতে পারেনা।
বিএনপি দু’বার ক্ষমতায় ছিল। আমাদের সেই ধারণা ভুল হয়েছে। যারা এ ধরনের কর্মসূচী দেয় তারা সন্ত্রাসী, জঙ্গি। তারা এখন বোমা মেরে মানুষ হত্যা করছে। তাদের দলের নেত্রী জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছে।
শ্রীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দিয়ে হানিফ বলেন, আমরা জনগণকে আশ্বস্ত করে বলতে চাই আওয়ামী লীগ সরকার পরিচালনায় যেমনি সফল। ঠিক তেমনিভাবে সন্ত্রাস দমনেও সফল হবে।
জনগণ এখন এই সন্ত্রাসী এবং জঙ্গিদের ব্যাপরে সচেতন হয়েছে। জনগন এখন যেভাবে পেট্রলবোমা নিক্ষেপকারী সন্ত্রাসীদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করেছে সেভাবে চলতে থাকলে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে।
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, সহ-সভাপতি মতিউর রহমান মতি, মিজানুর হাসান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবা-উল রহমান সাচ্চু প্রমুখ।
এমআর/এমকে





