দুই দিন পর আজ রোববার সকাল ৬টা থেকে দ্বিতীয় দফায় শুরু হয়েছে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল। আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।
এর আগে গত বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিলে এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার প্রথম দফায় ২৪ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। দ্বিতীয় দফায় আজ রোববার ও আগামীকাল সোমবার বাকী ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে জামায়াত।
গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান হরতাল সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আরেক শীর্ষ নেতা মীর কাশেম আলীর মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে।
তবে তাকে মৃত্যুদণ্ড দিলে টানা হরতালের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে সরকার জামায়াতের শীর্ষ নেতাদের ‘নির্যাতন’ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘জামায়াতের ডাকা হরতাল চলছে। শীর্ষ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বন্ধ না হলে প্রয়োজনে টানা হরতাল চলবে।’
শনিবার বিকালে নাটোরে ২০ দলীয় জোটের উদ্যোগে জেলার নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে দেশব্যাপী জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে উত্তরাঞ্চলের জেলা নাটোরে এই জনসভা আয়োজন করা হয়।
জামায়াতের ডাকা হরতাল ও মীর কাশেম আলীর রায়কে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলা শহরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এআর





