সরকার বিরোধী আন্দোলনে যাচ্ছে বিএনপি। আর এবার আন্দোলনের ইস্যু তিস্তার পানির ন্যায্য হিস্যা। এজন্য তিস্তা ব্যারেজের আশপাশে সমাবেশ করারও চিন্তা ভাবনা করছে দলটি।
বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এসব বিষয় ছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক সূত্র জানিয়েছে,জনসম্পৃক্ততা বাড়াতে দেশব্যাপী সফর করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান প্রেক্ষাপটে দলের কর্মসূচি, কাউন্সিল, ঢাকা মহানগর কমিটিসহ বেশ কিছু বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে।
প্রায় পৌনে দু’ঘন্টাব্যাপী বৈঠকে তিস্তার পানির দাবিতে সমাবেশের কথা উঠলেও ঠিক কবে নাগাদ সমাবেশ করা হবে ওই ব্যাপারে চূড়ান্ত হয়নি। এছাড়া দলের বহুল কাঙ্খিত কাউন্সিলও পিছিয়ে দেয়া হয়েছে।
যথাযথ প্রস্তুতির অভাবেই এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।
তিনি জানানু,কাউন্সিল করার মতো যে ধরনের প্রস্তুতি বা দলীয় পরিস্থিতি প্রয়োজন, এখনই তা নেই। আগামী মে মাসে কাউন্সিল করার কথা থাকলেও সার্বিক বিষয়ে নজর রেখেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানান তিনি।
এদিকে ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দ্রুত কমিটি করার প্রয়োজনীয়তার বিষয়ে নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। এ সময় বিএনপি চেয়ারপারসনও জানিয়েছেন খুব শিগগিরই ঢাকা মহানগর কমিটি ঘোষণা করবেন তিনি। এছাড়া জেলা পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সফরের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সারোয়ারি রহমান, নজরুল ইসলাম খান এবং ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
আন্দোলনে যাচ্ছে বিএনপি
সরকার বিরোধী আন্দোলনে যাচ্ছে বিএনপি। আর এবার আন্দোলনের ইস্যু তিস্তার পানির ন্যায্য হিস্যা। এজন্য তিস্তা ব্যারেজের আশপাশে সমাবেশ করারও চিন্তা ভাবনা করছে দলটি।





