ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, দেশের মানুষকে অপশাসন থেকে মুক্ত করতে ছাত্রশিবির আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমেই অবৈধ আওয়ামী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে চায়। অবিলম্বে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বুধবার সকালে রাজধানীর এক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সেলিম উদ্দিন ।
শিবির সভাপতি বলেন, মানুষ আজ অপশাসন থেকে মুক্তির প্রহর গুনছে। জনবিচ্ছিন্ন সরকার মানুষের কোন কথাই কানে তুলছে না। আন্দোলনের ভয়ে গ্রেফতার-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এটা সরকারের জন্যই বুমেরাং হবে। ছাত্রজনতা রাজপথে আন্দোলন চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আন্দোলন শুরু হলে অবৈধ সরকারের মসনদ তাসের ঘরের মতই ভেঙ্গে পড়বে।
তিনি বলেন, আওয়ামী সরকার গত মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রশিবির ধ্বংসে উঠেপড়ে লেগেছে। কিন্তু সরকারের শত নির্যাতন, অপপ্রচার মোকাবেলা করে এই সংগঠনের নেতাকর্মীরা প্রমাণ করেছে, বাংলাদেশের মাটিতে আর যাই হোক, ছাত্রশিবিরের অপ্রতিরোধ্য গতিকে রোখা যাবে না।
তিনি ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, হাজারো নিরীহ মুসলিমকে হত্যা করে ইসরাইল প্রমান করেছে, তারা বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি ও ইসলামের সবচেয়ে বড় শত্রু। তাই সকল মুসলমানকে ইসরাইলের পন্য বর্জনেরও আহবান জানান তিনি
সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সেলিম উদ্দিন বলেন, বৈরি পরিবেশেও সংগঠনের কাজের ধারাবাহিকতাকে ঠিক রেখে আপনারা ছাত্রশিবিরের শক্তিশালী অবস্থানকেই সকলের সামনে তুলে ধরেছেন। দেশের মানুষ তাই ছাত্রশিবিরকে ঘিরেই স্বপ্ন দেখছে। মানুষ বিশ্বাস করে, আপনাদের নেতৃত্বে চলমান আন্দোলনের মাধ্যমেই কুরআনের খাদেম মাওলানা নিজামী, আল্লামা সাঈদীরা মুক্ত অবস্থায় ফিরবেন।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





