ব্যানারে লেখা ওলামা-মাশায়েখ মহা-সম্মেলন। কিন্তু সামনের সারিতে বসা মাদ্রাসা পড়ুয়া ৫ থেকে ৬ বছরের শিশুরা। মঞ্চে চলছে প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান ‘মর্দে মুমিন’ হুসেইন মুহম্মদ এরশাদের গুণকীর্তন। মঞ্চে উপবিষ্ট জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালীসহ নেতারা।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে এরশাদ মঞ্চে উঠেন বেলা পৌনে ১২টার দিকে। পরনে কালো রঙের শেরওয়ানি। ‘নারায়ে ত্বকবীর ধ্বনি’তে প্রকম্পিত হয় মিলনায়তন। তারপর শুরু হয় এরশাদের গুণকীর্তনমূলক সংগীত। সংগীত পরিবেশন করেন মাওলানা খন্দকার মাহবুব উল হক। ‘মারহাবা , মারহাবা ধ্বনি-প্রতিধব্বনি’তে প্রকম্পিত হয় সম্মেলনস্থল। আর এরশাদের মুখে তখন মুচকি হাসি।
ওলামা সম্মেলনে আসা ৫ বছরের শিশু জাকারিয়া তার মাদ্রাসার নামও বলতে পারেনি। শুধু জানায়, সে মিটিংয়ে এসেছে ধোলাইপাড় থেকে।
৭ বছরের শিশু আল-আমিনও এসেছে ধোলাইপাড় মাদ্রাসা থেকে। সে বলে, ‘হুজুরের সঙ্গে এসেছি।’
শিশুদের নিয়ে ওলামা সম্মেলনের বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বলেন, ‘ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এরা (শিশুরা) এসেছে।’
কেএইচ





