মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে মো. সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ আজগর লস্কর নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্যজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আজ বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

মৎস্যসম্পদ বিকাশের এবং মৎস্যজীবীদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে ২০০৪ সালের ২২ মে মৎস্যজীবী লীগ প্রতিষ্ঠা করা হয়।

মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠার ১৫ বছরে চারটি জাতীয় সম্মেলন হলেও এত দিন পর্যন্ত আওয়ামী লীগের সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃতি ছিল না মৎস্যজীবী লীগের। আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় দলের ২১তম জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এটিকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি এর মধ্যে মৌখিকভাবে মৎস্যজীবী লীগ নেতাদের জানিয়েও দিয়েছেন দলের নীতিনির্ধারক নেতারা। দলীয় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মৎস্যজীবী লীগ হবে আওয়ামী লীগের অষ্টম সহযোগী সংগঠন।

এদিকে আওয়ামী লীগের সমমনা সংগঠন হলেও এত দিন সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল না। দলের নেতাদেরও এই সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিল না। এবারই প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা সাপেক্ষে মৎস্যজীবী লীগ সম্মেলন করে। এ জন্যই মৎস্যজীবী লীগের নেতারা এবারের সম্মেলনকেই প্রথম সম্মেলন বলছেন। ‘মাছে-ভাতে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে এবারের মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এমআর