৭ মার্চ রাজধানীর রাস্তায় নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের কোন দায় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বৃহস্পতিবার) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে কাদের একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭ মার্চ রাজধানীর রাস্তায় নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের কোন দায় নেই। লাঞ্ছিত হওয়ার ঘটনা যেহেতু সমাবেশ স্থলে ঘটেনি, তাই তার দায় দল নেবে না।
তিনি আরও বলেন, তবে সরকারের দায় রয়েছে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন৷ সেসব পোস্ট অনুযায়ী, ঘটনাগুলো ঘটেছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা, শাহবাগ, কাকরাইল, বাংলামোটর, ফার্মগেটের খামারবাড়ি ও কলাবাগান এলাকায়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়।

“৭ মার্চের জনসভার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কোনও রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু বলেননি। তিনি শুধু সাম্প্রদায়িক-স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে জনগণের প্রতি সেই আহ্বান জানিয়েছেন। তাতেই বিএনপির কেন এত অন্তর্জ্বালা শুরু হয়েছে?”
এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “৭ মার্চের জনসভায় প্রধানমন্ত্রী কোনও দলকে আক্রমণ করে কথা বলেননি। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেটা উল্লেখ করেছেন। এ কথা কারো গায়ে লাগার কথা নয়। স্বাধীনতার চেতনা বিরোধী অশুভ শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে জনগণের কাছে প্রধানমন্ত্রী সেই আহ্বান জানানোয় বিএনপির কেন এত অন্তর্জ্বালা?”
আজ (৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর উপকমিটির সভা শেষে সংবাদিকদের কাদের এসব কথা বলেন।
৭ মার্চের জনসভা নিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমরা যখন ঘোষণা দিয়েছিলাম অনেকে বিশ্বাস করেনি। কিন্তু আমাদের বিশ্বাস ছিল আগের জনসভাগুলোর চেয়ে স্মরণাতীত জনসমাগম হবে। ঢাকায় এর আগে এতো স্বতঃস্ফূর্ত কালারফুল, জনসমাগম ঘটেনি। প্রস্তুতি যেহেতু সুশৃঙ্খল ছিলো জনসভাও ছিলো সুশৃঙ্খল। সব পথ, যেনো সব নদীর ধারার স্রোত এসে মিশেছিল সোহরাওয়ার্দীতে।”
“আমাদের যাঁরা নেতৃস্থানীয়, যাঁরা দল পরিচালনা করেন, তাঁদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে”বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “বিএনপির সিনিয়র নেতারা হাসি মুখে জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে হাসিমুখে ফিরে এসেছেন। কেউ তো গ্রেফতার হননি। বিএনপি নিজেরা মারামারি করে সরকারকে দোষ দেয়। তারা সবকিছুতেই সরকার নামক নন্দঘোষের দোষ খোঁজে।”
আওয়ামী লীগের দফতর উপকমিটির চেয়ারম্যান ড. আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।
এমবি





