দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্নস্থানে মানববন্ধন করছে বিএনপি। কয়েক জায়গায় পুলিশি বাধায় পণ্ড হয়েছে কর্মসূচি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের লাঠিচার্জ করার পর দু’জনকে আটক করে। পরে তাদের ছেড়ে দেয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নাফিজুর রহমান পলাশের বক্তব্য শেষ না হতেই পুলিশ আকস্মিকভাবে তাতে বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হলে পুলিশ লাঠিচার্জ করে।
ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক ও জেলা যুবদলের সহ-সাধরাণ সম্পাদক রিপন আকন্দকে আটক করে থানায় নিয়ে যায়। অবশ্য এর কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ জানান, শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে এবং অফিসের বারান্দা থেকে নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয়নি। এ সময় নেতাকর্মীরা জটলা করলে পুলিশ কয়েকজনের ওপর লাঠিচার্জ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রায়হান হোসেন বলেন, মানববন্ধন শেষে নেতাকর্মীরা হইচই শুরু করলে দু’জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
রাজশাহীতেও দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তারা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
নাটোরে পুলিশের বাধায় পণ্ড হয় বিএনপি’র কর্মসূচি। সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে জড়ো হয় নেতাকর্মীরা। মানববন্ধন করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে সেখান চলে যায় নেতাকর্মীরা।
বাগেরহাটেও বিএনপির মানববন্ধন কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হলে তাদের সরিয়ে দেয়া হয়। প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। কর্মসূচি পালনে বাধা দেয়ার নিন্দা জানান বিএনপি নেতারা।
এএস





