মুজিববর্ষে প্রায় ১০০টি প্রযুক্তিগত সার্ভিস জনগণকে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, আর এসব সার্ভিস থেকে ১০ কোটি মানুষ উপকার পাবেন। পাশাপাশি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের আওতায় সারা দেশের প্রায় ৪০ হাজার তরুণকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণাধীন ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের (ডি-সেট) ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
পলক আরও বলেন, আমাদের লক্ষ্য সামনের দিনগুলোতে ১০ কোটি মানুষকে প্রযুক্তিগত সেবার আওতায় আনা।
এসময় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টার্ট আপ বাংলাদেশ প্লাটফর্মের উপকার নিয়ে সামনের দিনগুলোতে তরুণরা আর চাকরি খুঁজবে না, চাকরি দেবে।
পলক বলেন, ৬৮ বছরের পিছিয়ে থাকা ছিটমহলের মানুষদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হবে মুজিববর্ষের উপহার।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আরেফীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি





