গত ৭ এবং ৮ নভেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ।
আজ রোববার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
তিনি বলেন,“সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করে সরকার জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।
গত ৭ ও ৮ নভেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় গ্রেফতার অভিযান চালিয়ে বরিশাল মহানগরী জামায়াতের নায়েবে আমীর জনাব বজলুর রহমান বাচ্চু, ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাহমুদুল হক ও অফিস সেক্রেটার মাষ্টার শফিকুল ইসলাম, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোফাজ্জল হোসেন, রাজশাহী জেলার বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আবদুল লতিফ, লক্ষীপুর জেলার রায়পুর পৌরসভা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ ফজলুল করিম, বরিশাল মহানগরী জামায়াতের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এড. সালাহ উদ্দিন মাসুম, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব তবিবুর রহমান ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব আবদুল মজিদ মাষ্টারসহ বহু নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
আজ পুলিশ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মাদপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ঘর থেকে জমির কাগজপত্র এবং তার নিজের ও তার পুত্রের শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গিয়েছে। এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র অবিলম্বে জনাব শহিদুল ইসলামের নিকট ফেরত দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার শক্তির জোরে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করে তাদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। জনগণ থেকে বিচ্ছিন্ন জালেম সরকার অন্যায়ভাবে জাতির ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দেয়ার জন্য নিরীহ নেতা-কর্মীদের আটক করছে।
এভাবে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে জনগণের আন্দোলন কখনো দমন করা যায় না। ব্যাপকভাবে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে বরিশাল মহানগরী জামায়াতের নায়েবে আমীর জনাব বজলুর রহমান বাচ্চু এবং ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাহমুদুল হকসহ সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





