আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আগামীকাল (১৪ নভেম্বর) শনিবার বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৩ নভেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, “আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু বাকি ছিল যুবলীগ। আগামীকাল (শনিবার) বিকালে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো। আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেবো। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।”
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিগুলো ঘোষণার ব্যাপারে তিনি জানান, “সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল। চার জন অলরেডি হয়ে গেছে। কমিটিগুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই-তিনটা বাকি আছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো।”
তিনি বলেন, “আমাদের জেলা-উপজেলা পর্যায়ের যেসব সম্মেলন হয়নি সেসব সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যে সম্মেলনগুলো হয়ে গেছে, সেখানে কমিটিগুলোর বিষয়ে আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ বাকি আছে, এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শিগগিরই আমরা দিয়ে দেবো।”
এমবি





