বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির ও জেলা কর্মপরিষদ সদস্য সিরাজুস সালেহীনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিনা ওয়ারেন্টে দিনাজপুর কোতওয়ালী থানা পুলিশ ক্ষেত্রীপাড়া রেনেসাঁ ক্লাব-সংলগ্ন নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিরাজুস সালেহীনকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বিনা ওয়ারেন্টে সিরাজুস সালেহীনকে গ্রেফতার করে সরকার অগণতান্ত্রিক কাজ করেছে। আমি এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জামায়াতে ইসলামীর গঠনমূলক কাজকে বাধাগ্রস্ত করতে নেতা-কর্মীদেরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। গ্রেফতার, জেল-জুলুম, হুলিয়া, গুম, খুন করে বিরোধী মতকে দমানো যাবে না।
জুলুম-নিপীড়ন বন্ধ করে সিরাজুস সালেহীনসহ জামায়াতে ইসলামীর গ্রেফতার সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি।
এবিএস





