সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার এপিএস শৌমেন্দ চন্দ্র শৈলেনকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে রবিবার দুদক উপ-পরিচালক আহসান আলী স্বাক্ষরিত এক নোটিশ পাঠানো হয়। নোটিশে শৈলেনকে ১৮ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকার কথা উল্লেখ করা হয়েছে। দুদকের একটি সূত্র নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রটি জানায়, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শৈলেনকে জিজ্ঞাসাবাদের পর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
দুদক সূত্র জানায়, প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এপিএস শৈলেনের বিরুদ্ধে। শৈলেনের পটুয়াখালীতে পাঁচতলা বাড়িসহ রাজধানীতে একাধিক ফ্ল্যাট রয়েছে।
এ ছাড়া তার ব্যক্তিগত গাড়িও রয়েছে। তার বিরুদ্ধে ভারতে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ৫০৪টি হজ এজেন্সির কাছ থেকে কোটি কোটি টাকা অবৈধভাবে আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জে ইউ [/b]