তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে পিছু হটে যাওয়ার ফলে বেগম খালেদা জিয়া সুর পাল্টে ভারতের পক্ষে কথা বলার চেষ্টা করছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের যাত্রা শুরু হলেও পরে বেগম জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান বিভিন্ন সাম্প্রদায়িক জঙ্গীবাদী গোষ্ঠীর সঙ্গে দহরমের মাধ্যমে বাংলাদেশের মাটি তৃতীয় পক্ষকে ব্যবহারের সুযোগ দিয়েছেন।

সন্ত্রাসী লালন পালন, জঙ্গীবাদীদের আশ্রয় দিয়েছেন এবং এসব অপরাধ ঢাকার জন্য তারা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভেতরে চক্রান্তমূলকভাবে উত্তেজনা জিইয়ে রাখেন।

ইনু বলেন, আমরা মনে করি বন্ধু কখনোই প্রভু নয়। সম্প্রতি বেগম খালেদা জিয়া ভারতের সঙ্গে প্রভুদের মত তোষামোদী করা ও প্রভুর কাছে অভিযোগনামা দাখিলের রাজনীতি করেছেন। উন্নয়নের দরজা খোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের নরেন্দ্র মোদী যৌথভাবে পানি সমস্যার সমাধান উপহার দেবেন।

এ সময় নির্বাচনের কারচুপি তদন্ত নিয়ে বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের উদ্বেগ প্রসঙ্গে ইনু বলেন, স্বাধীন বাংলাদেশ হিসেবে আমাদের দেশের নির্বাচনী আইন কানুন ভঙ্গ হলে সেটা দেখভালের দায়িত্ব আমাদেরই।

এখানে বিদেশি বন্ধুদের আনন্দিত হওয়া বা হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবীর কোনো দেশের নির্বাচনের ওপর নজরদারীর দায়িত্ব বিদেশিদের দেয়া হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ প্রশাসনিক ও দলীয় নেতাকর্মীরা। পরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রধান করে পুলিশ।

এআর