সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে খালেদা জিয়া ষড়যন্ত্র করার জন্য লন্ডনে গেছেন। তাদের এমন দাবি প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, কোন ষড়যন্ত্র করার জন্য নয়। দল পুনর্গঠন ও সংস্কারের ব্যাপারে তারেক জিয়ার সাথে আলোচনা করার জন্য তিনি লন্ডনে গেছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত “গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা”শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা জানান।

হান্নান শাহ বলেন, সেখানে বিএনপি চেয়াপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের মধ্যে যে আলোচনা হবে তাতে দেশ ও জনগণের উপকার হবে।

আওয়ামী লীগ গণতন্ত্রকে বাকশালের বোরকা পরিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার সারাদেশে বিএনপি পক্ষের নির্বাচিত প্রতিনিধিদের বিভিন্ন মামলায় অপসারণ করছে। এই সরকারের কাছে গণতন্ত্রের কোন মূল্য নাই।

স্বৈরাচার এবং বিশ্ব বেহায়া এক সাথে মিলে বিষে পরিণত হয়েছে জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এই বিষ উনিশ-বিশ নয়। এই বিষ হচ্ছে প্রকৃত বিষ। তারা দেশকে ধ্বংস করতে চাইছে।

তিনি বলেন, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৭ হাজার নেতাকর্মীকে অস্ত্র দেয়া হয়েছে। তারা যততত্র তা ব্যবহার করছে। অথচ তাদের অস্ত্র পাওয়ার কোন যোগ্যতা নেই।

সারাদেশ আজকে কারাগারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কারাগারে যেমন কথা বলার, চলাফেলার স্বধীনতা নেই। তেমনি দেশের সকল রাজনীতিক নেতার মোবাইল মনিটরিং করা হচ্ছে। আজকে মানুষকে রাতে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সচেষ্ট আছে। আর বাকশাল গ্রুপ গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য সচেষ্ট আছে।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ভাইস-চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেযারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি প্রফেসর ড. মোহাম্মাদ শফিকুল ইসলাম প্রমুখ।

এমএ/ এআর