৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও সারা দেশে ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হত্যা, গুম ও রিমান্ডের নামে নেতাকর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতন এবং ঢাকায় কালো পতাকা মিছিল করতে না দেয়ার প্রতিবাদে শনিবার সারা দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় ১৯ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশকে সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ১৯ দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রাজধানীতে এ কর্মসূচি পালন করতে এরইমধ্যে সোহরাওয়ার্দীতে অনুমতি চেয়েছে বিএনপি। তবে এখন পর্যন্ত অনুমতি পায়নি দলটি।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]