সিলেটে দুস্থ শ্রমিকদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিকার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় ভ্যানগুলো বিতরণ করা হয়।

ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় তিনি বলেন, সমাজে জনসংখ্যার একটা বিশাল অংশ হতদরিদ্র ও শ্রমজীবী। এই জনগোষ্ঠীকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়। প্রতি বছর কিংবা কিছুদিন পর পর এইসব মানুষকে একটু একটু সহযোগিতা না করে স্থায়ী রোজগারের একটা ব্যবস্থা করতে পারলে ব্যক্তি সমাজ এবং জাতি উপকৃত হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে শ্রমজীবী শ্রমিকদের মাঝে ভ্যান বিতরণের উদ্যোগ নিয়েছে। এর ফলাফল সুদূরপ্রসারী। আজ যে সব ভাইদের ভ্যান প্রদান করা হয়েছে, কিছুদিন পর এই ভাইয়েরা মিলে আরো অন্য ভাইকে ভ্যান কিনে দিতে সহযোগিতা করতে সমর্থ হবে ইনশাআল্লাহ। এভাবেই সমাজে বৈষম্য দূর হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তবে জীবনের সব ক্ষেত্রে জবাবদিহিতা ও সৎ উপার্জন করতে হবে। তাহলে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের প্রধান কারিগর, তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কারণে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। কিন্তু সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর নাম শ্রমিক সমাজ। অথচ শ্রমজীবি মানুষের জীবনযাত্রা পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন-অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার এগিয়ে আসা উচিত। জামায়াতে ইসলামী দেশব্যাপী শ্রমজীবী, মেহনতি মানুষকে ইসলামের আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গড়ে তোলার চেষ্টা করছে। আর এভাবে শ্রমিকদের গড়ে তুলতে পারলে দেশ সমৃদ্ধিশালী হবে। আমরা কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিবছর কয়েকজন অস্বচ্ছল শ্রমিকদের মাঝে ভ্যানগাড়ি ও রিকশা বিতরণ করে থাকি। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, শ্রমিক নেতা অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মোহাম্মদ আনোয়ার আলী, শ্রমিক নেতা কফির উদ্দিন আলমগীর, মিয়া মোহাম্মদ রাসেল প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস