ঢাকা-১৭ আসন ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন।

এরশাদ বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মহাজোটকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি।

আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন করবো। ঢাকা–১৭ আসন ছেড়ে দেওয়ায় সাবেক এই রাষ্ট্রপতি এবার একটি আসনে (রংপুর–৩) নির্বাচন করছেন। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ১৭ দিন পর গতকাল বুধবার রাতে দেশে ফেরেন এইচ এম এরশাদ।

তিনি বলেন, আমি ঢাকা-১৭ আসনে নির্বাচন করতাম। কিন্তু নানা কারণে এ আসনে নির্বাচন করছি না। ফারুককে আমি পূর্ণ সমর্থন দিয়েছি। তিনি আমার কাছে এসেছিলেন আমি তাকে সমর্থন দিয়েছি।

পুলিশ বা নির্বাচন কমিশন সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে এরশাদ বলেন, পুলিশের বিষয়ে কথা বলার এখতিয়ার আমার নেই।

নির্বাচন কমিশনের একজন কমিশনারের মতপার্থক্য দেখা যাচ্ছে এ বিষয়ে তিনি বলেন, যিনি মতপার্থক্য করছেন তিনি একজন কবি মানুষ। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তাকে নিয়ে মন খারাপের কিছু নেই। আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, নির্বাচনের আয়োজন সন্তোষজনক। নির্বাচন কমিশনের ভূমিকাও সন্তোষজনক।

সারাদেশে লাঙ্গল নিয়ে উন্মুক্তভাবে যারা নির্বাচন করছেন তারাও কি মহাজোটকে সমর্থন করবে এ বিষয়ে তিনি বলেন, উনারাও মহাজোটকে সমর্থন দেবে। এখন বসে বিষয়টি চূড়ান্ত করবো। এ বিষয়টি ক্লিয়ার করতে বললে আবার তিনি বলেন তবে যারা মনে করছেন জিতবেন তারা নির্বাচনে অংশ নেবেন।

মুহিব