বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলকে সুসংগঠিত করে রাজপথে আন্দোলন ও আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

শনিবার সকাল সাড়ে ১০টার সময় মিরপুর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রথম রমজানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হন শামসুদ্দিন দিদার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি। তাই শিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির আন্দোলন নিয়ে সরকার দলের সমালোচনা তাদের হতাশারই বহিঃপ্রকাশ। কারণ এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিএনপি রাজপথে আন্দোলন করতে পারে না আওয়ামী লীগ মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই যখন যা ইচ্ছে তাই বলছে। এ সময় তিনি যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান।

ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস