একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দীতে জনসভা আয়োজনের পুলিশি অনুমতির ব্যবস্থা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি)’কে অনুরোধ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত করে আজ (রোববার) রাতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
লিখিত আবেদনে নজরুল ইসলাম খান বলেন, সকল জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে রাজধানী শহরসহ সকল শহর, নির্বাচনী এলাকার উল্লেখ্যযোগ্য স্থানে জনসভা করা নির্বাচনী প্রচারণার অনিবার্য অংশ হিসেবে পালিত হয়ে আসছে। সে মতে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকার পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছিলাম। কিন্তু গত রাতে পুলিশ কমিশনারের পক্ষে বিএনপিকে জানানো হয় যে-আগামীকাল ২৪ ডিসেম্বরের পর ঢাকায় কোনো জনসভা করার অনুমতি দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পুলিশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নির্বাচনী আইন আরপিও’র সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং আমাদের নির্বাচনী প্রচারণার যৌক্তিক ও আইনানুগ অধিকার থেকে বঞ্চিত করার সামিল। আমরা যাতে ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে পারি সে মর্মে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা অব্যহত রয়েছে। আজ সকালে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী কর্ণেল (অব.) বাহারকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী মো. শাহজাহান চর জব্বার এলাকায় গেলে আওয়ামী লীগ তাদের উপর হামলা করে। কিন্তু দুঃখের বিষয় হলো আটক করা হয় বিএনপির নেতাকর্মীদের। এছাড়াও কুমিল্লার মুরাদনগর, নাঙ্গলকোট, দেবীদ্বার ও ফরিদপুরের সালথা থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি গ্রেফতার করছে। এজন্য তাদের প্রত্যাহার দাবি করেছে।
সেনাবাহিনী মোতায়েন নিয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের বজাবে বলেন, সেনাবাহিনী মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং আস্থার প্রতীক। বিশ্বের বহু দেশে শান্তি স্থাপনে এবং গণত্রান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী সুনাম অর্জন করেছে।
এসময় নজরুল ইসলাম খানের নেত্রিত্বে ছিলেন-সামছুজ্জামান দুদু, আহম্মদ আজম খান, সুকুমার বড়ুয়াসহ প্রমুখ।
এসএম/এমবি





