বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুন্দরবনসংলগ্ন পশুর নদীর তীরে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে।

শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে নগর ও জেলা বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কয়লা পোড়ানোর পার্শ্ব প্রতিক্রিয়ায় সুন্দরবনের জীব-বৈচিত্র্য ধ্বংস হবে, বন্যপ্রাণী প্রজনন ক্ষমতা হারাবে, নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হবে। বিদ্যুৎকেন্দ্র চাই, তবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হলে সুন্দরবনের অক্সিজেন কারখানাটি বাঁচানো যাবে না।

লক্ষ্য কোটি মানুষের প্রতিবাদের মুখেও সরকার শুধুমাত্র ভারতকে খুশি করতে এখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনড় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, এর মধ্য দিয়ে আমাদের প্রিয় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়েছে। এতে স্বাধীনতাপ্রিয় মানুষ ক্ষুব্ধ হয়েছে। বিএসএফ প্রতিদিন বাংলাদেশিদের হত্যা করছে। সামরিক চুক্তির অর্থ আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বন্ধক রাখা।

একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সরকার যাদুঘরে পাঠিয়েছে। এ কারণে শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আর সে জন্যই বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

প্রতিনিধি সভায় নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, আমিরুল ইসলাম খান আলীম।

বক্তৃতা করেন খুলনার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, নগর শাখার সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম ও সৈয়দা নার্গিস আলী।

এমএনজে