মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণার করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, মুজাহিদ একজন সৎ, যোগ্য, রাজনীবিদ। এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা অবিস্মরণীয়। মন্ত্রী হিসেবে তিনি যে যোগ্যতা ও সততার পরিচয় দিয়েছেন তা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নির্বাচিত বলে কথিত বর্তমান স্বৈরাচারী সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় বসেছে। সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই জনাব মুজাহিদকে হত্যার ষড়যন্ত্র করছে।
তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তার একটিই অপরাধ, তিনি ইসলামী আন্দোলনের নেতা।
আমি এই সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং জনাব মুজাহিদের মুক্তির দাবিতে আগামীকাল ২১ নভেম্বর শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।
ঘোষিত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”
এসএইচ





