বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, অতীত ইতিহাস বের করা হলে আওয়ামী লীগের পলায়ন নীতি শুরু হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অতীত ইতিহাসের তথ্য বের হলে আওয়ামী লীগের প্রতিটি ক্ষেত্রে পলায়ন নীতি শুরু হবে। অতীত ইতিহাস উন্মুক্ত হলে আওয়ামী লীগ পিছুপা হবে বলে জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

‘তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও আওয়ামী গাত্রদাহ’শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম।

আলোচনা সভার প্রধান অতিথি নোমান বলেন, ছয় দফা আন্দোলন একটি পূর্ণাঙ্গ দফা নয়। এখানে বাংলাদেশের অর্থনীতির মুক্তি নেই। এই ছয়দফার অজুহাতে আমাদের কোনো সমাবেশ করতে দেয়া হয়নি।

তিনি বলেন, অতীত থেকেই এই দলটি একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে ধরা দেয়। এখন কম্পন ধরেছে। তাদের ছয় দফা প্রতিষ্ঠিত করতে গিয়েই নিজেদের মধ্যে ফাটল ধরেছে।

নোমান বলেন, রাজনীতিতে মেরুকরণ শুরু হয়েছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বলিষ্টভাবে বলার মতো যে সাহসিকতা দরকার ছিল তা আমাদের নেই। কিন্তু তারেক রহমান সেটা উন্মুক্ত করে দিয়েছেন।

রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, তারেক রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত করার ধারা শুরু করেছেন। তা অনুসরণ করেই আমাদের চলতে হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. পিয়াস করিম বলেন, আমাদের হাতে দুটি পতাকা আছে। একটি হলো প্রতিরোধের অন্যটি পুর্নগঠনের। আমাদের দাবি গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এটি সহজ কাজ। কিন্তু কঠিন কাজ হলো দেশকে পুর্নগঠন করা।

আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন ধরণের রাজনীতির মাধ্যমে এ পুর্নগঠন করতে হবে বলে মনে করেন তিনি।

মেধাবীদের রাজনীতিতে আনার আহ্বান জানিয়ে ড. পিয়াস করিম বলেন, বিএনপির সামনে একটা হীরার আদর্শ আছে। নতুন দর্শন ও জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সংগঠনের সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসাবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং কবি আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন।

সভার শুরুতে মূল বক্তব্য উত্থাপন করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

আলোচনায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, সিনিয়র যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক স্বপন এবং সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মৃধা প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ