সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ও যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের আপোসের যে গুঞ্জন উঠেছে তা উড়িয়ে দিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি বলেন, জামায়াত নাকি আওয়ামী লীগের সঙ্গে আপোস করেছে। এই জালিম-অবৈধ সরকারের সঙ্গে আপোসের প্রশ্নই আসে না। যারা আল্লাহর বিধান বাদ দিতে পারে তাদের সঙ্গে জামায়াত কোনো রকমের আপোস করতে পারে না

অধ্যাপক মজিবুর দাবি করেন, অবৈধ সংসদ সদস্যদের নিয়ে সম্প্রতি সংসদে যে বিল পাস হয়েছে তা-ও অবৈধ বিবেচিত হবে। যারা সংসদে প্রতিনিধিত্বের দাবি করছেন, তারা জনপ্রতিনিধি নন। এরা চোর এবং ডাকাত। এখন সময় এসেছে এই চোর-ডাকাতদের ক্ষমতা থেকে তাড়ানোর।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভার প্রধান অতিথির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দুপুর সোয়া ২টার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। সভায় জোটের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইনিউজবিডি.কম, জেএ