বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে ডা. শফিক বলেন, সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। এখন বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে জর্জরিত ভুক্তভোগী দরিদ্র জনগণের জন্য মরার ওপর খাড়ার ঘায়ের শামিল।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সাত বার, আর পাইকারী পর্যায়ে ছয় বার বৃদ্ধি করেছে। সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে দুই বার। আবাসিক খাতে দুই চুলায় গ্যাসের মূল্য বৃদ্ধির হার ১২২.২২ শতাংশ এবং এক চুলার ক্ষেত্রে বৃদ্ধির হার ১১২.৫০ শতাংশ। শিল্পের ক্ষেত্রে বৃদ্ধির হার ১০২.৯৪ শতাংশ।

তিনি বলেন, সরকারের অন্যায় এবং অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

ইআর/এএইচ