বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আধুনিক বিশ্বের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামই একমাত্র সমাধান। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করতে ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোনো মানবরচিত মতবাদে সম্ভব নয়। তাই সৎ-যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বাউফলের বিদ্যমান উন্নয়ন ও অগ্রগতির অচলাবস্থা কাটিয়ে উঠে আগামী দিনে উন্নত ও আধুনিক বাউফল বিনির্মাণে বাংলাদেশ জমায়াতে ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে প্রত্যাশিত বাউফলের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলায় সাধারণ সদস্য সংগ্রহ অভিযানকালে তিনি এসব কথা বলেন।
সদস্য সংগ্রহ অভিযানে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাজমুল হাসান, পল্টন থানার সেক্রেটারি আতিক নজরুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আল আমিন, শিবিরের পটুয়াখালী জেলা বাইতুলমাল সম্পাদক মেহেদী হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ বিপুল সংখ্যক মানুষ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একটি উন্নত বাউফল উপজেলা গঠনের লক্ষ্যে শিক্ষার উন্নয়ন ও বিস্তারের জন্যে প্রয়োজনীয় স্কুল, কলেজ, মাদরাসা, প্রশিক্ষণ ইনস্টিটিউট, প্রাথমিক ও গণশিক্ষা কেন্দ্র, মসজিদ-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র, গণপাঠাগার ইত্যাদি স্থাপন ও পরিচালনা করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এসব কাজ বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





