বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার ভারতের স্বার্থে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।’ শুক্রবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এই বিদ্যুৎকেন্দ্র ভারতে করার কথা ছিল। কিন্তু ভারতের জনগণ জায়গা না দেয়ায় এখন বাংলাদেশের সুন্দরবনের রামপালে করার চুক্তি করেছে।

তিনি বলেন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির লোকজন দেশকে ভালোবাসে বলেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু, তাদের মিছিলে সরকারের পুলিশ বাহিনী বর্বর কায়দায় হামলা চালিয়েছে। আমরা এ বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হবে। ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে মরুভূমি হবে দেশ।

দেশের প্রাকৃতিক বৈচিত্র ধ্বংস করতে সরকার তোরজোড় শুরু করেছে বলে অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বেলাল আহমেদ ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

এআই