আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে আমরাই জয়ী হবো। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রচার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এ জোয়ার ৩০ ডিসেম্বর নববিজয় ছিনিয়ে আনবে। ৭১-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে পাক-বাহিনীকে পরাজিত করে জয়ী হয়েছিলাম। ২০১৮ সালে আমরা ৭১-এর পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করবো।

বিএনপির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একটি খুনির দল। দুর্নীতিবাজদের দল। তাদের আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপিতে গণভাটা লেগেছে। এই গণভাটা তাদের পরাজয়ের দিকে নিয়ে যাবে।

কাদের বলেন, দেশের মানুষ সৎ,পরিশ্রমী, সাহসী নেতৃত্বের পেছনে উন্নয়নের ধারার পক্ষে থাকবে নাকি খুনি, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক অপশক্তির পক্ষে থাকবে সেটাই প্রমাণ হবে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে।