আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিরুদ্ধে সফল আন্দোলন গড়ে তুলতে না পারার মূল কারণ খুঁজে বের করতে ঢাকা মহানগর নেতাদের নির্দেশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।
সোমবার রাতে ঢাকা মহানগর কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় কালে বেগম খালেদা জিয়া এ নির্দেশ দেন। রাত ৮টা ৪৯ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়। শেষ হয় রাত ১০টা ৩৫ মিনিটে।
সভা শেষে মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় বেগম খালেদা জিয়া বিগত দিনে মহাজোট সরকারের বিরুদ্ধে এবং ৫ জানুয়ারির একতরফা নির্বাচন ঠেকাতে আন্দোলন, বিশেষ করে ঢাকা মহানগরীতে আন্দোলন কেন সফল হয়নি তার নানা দিক নিয়ে মহানগর নেতাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন বলেও বৈঠক সূত্রে জানা গেছে।
শিগগিরই এক সদস্যের একটি কমিটি গঠণ করে পরবর্তী একমাসের মধ্যে থানা থেকে শুরু করে মহানগর বিএনপির প্রতিটি পর্যায়ে  কাউন্সিলের মাধ্যমে নতুন  কমিটি গঠনের ব্যাপারেও বেগম জিয়া সভায় নির্দেশ দেন বলেও জানা গেছে।
আব্দুস সালামের নেতৃত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এসএ খালেক, এমএ কাইয়ুম, সালাউদ্দিন আহমেদ, সাহাবুদ্দীন আহমেদ, আবু সাইদ খান খোকন, কাজী আবুল বাশার, নবীউল্লাহ নবী, আব্দুল আলিম নকী, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আবু সাইদ মন্টু, আলী আজগর মাতব্বর, মীর হোসেন মীরু, সামসুল হুদা, ডা. নুরজাহান মাহবুব প্রমুখ।
এছাড়া মহানগরের ৪৯টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে রাবেয়া আক্তার, আতিকুল্লাহ মতিন, হযরত আলী, মীর আশরাফ আজম, এজিএম সামসুল হক, আরিফুল ইসলাম, আফাজ উদ্দীন,  মনি বেগম, গোলাম কিবরিয়া টিপু, গোলাম কিবরিয়া মাখন, দেলোয়ার হোসেন দিলু, সাইদুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন ।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর চৌধূরী আলম গত সরকারের আমলে নিখোঁজ হয়। বিএনপির অভিযোগ তাকে আইনশৃঙ্খলাবাহীনি গুম করেছে।
এদিকে চেয়ারপারসনের সঙ্গে মতবিনিময় উপলক্ষে মহানগর নেতাদের সঙ্গে বহুসংখ্যক কর্মী গুলশান কার্যালয়ের সামনে জড়ো হয়। চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশের সময় করতালি ও শ্লোগান দিয়ে শুভেচ্ছা জানায় তারা।
[b]ঢাকা, এম এইচ, ১০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]