বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ভাবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রভাবিত করতে চান বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান। সম্প্রতি কিশোরগঞ্জের জনসভায় খালেদা জিয়ার দুদক'কে দায়মুক্তির কমিশন বলে আখ্যায়িত করেন।

তিনি বেগম খালেদা জিয়াকে গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দিয়ে বলেন, দুদক এখনো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। ফলে দুদককে দায়মুক্তি কমিশন বলা উচিত নয়।

আজ রোববার সকালে দুদকের দশম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুদকের গঠনমূলক সমালোচনা করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দুদকের সমালোচনা করা ঠিক নয়। দুদক সরকার দলীয় এমপিদের বিরুদ্ধের মামলা দায়ের করেছে। বিগত কমিশনে যা দেখা যায়নি।

সরকার দলীয় সংসদ সদস্য এবং মহাজোট সরকারের সাবেক মন্ত্রীদের অবৈধ সম্পদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনুসন্ধানে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরো মন্ত্রী-এমপির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কমিশনে মতানৈক্যের প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, মতানৈক্য থাকতেই পারে। তবে এনামুলের বিরুদ্ধে মামলা হবে কি হবে-না কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

গত ২১ নভেম্বর ছিল দুদকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন শুক্রবার ছুটির দিন হওয়ায় রোববার বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দুদক। এসময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিনসহ সংস্থাটির উচ্চ পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুদকের কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন।

একে/কেএইচ