বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন, এটি ঐতিহাসিক, মনুমেন্টাল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমর্যাদা বৃদ্ধি পেল। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরো দৃঢ়তর হলো।’

‘আমরা মনে করি, এই রায়ের মধ্য দিয়ে আবারও ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে সুগভীরভাবে নিশ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানাচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে ষোড়শ সংশোধনী বাতিল করেন হাইকোর্ট। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায়ে এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়।

সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সংশোধনী বাতিল করা হয়। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আর জাতীয় সংসদের হাতে থাকল না।

হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।

এমবি