রাষ্ট্রেবিরোধী ষড়যন্ত্র, মানহানি, বিস্ফোরকসহ চারটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিম শিপলু কুমার দে ও জয়ন্তী রানী দে পৃথক মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন গিয়াস কাদের চৌধুরী। তাঁর আইনজীবী মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গত ২৯ মে একটি মামলা দায়ের করেন ফটিকছড়ি থানা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন।

মামলার এজাহারে বলা হয়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এমআর