বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাই যেহেতু আপনাদের কাছে বড়, সেহেতু ক্ষমতায় কীভাবে থাকবেন, সেই চেষ্টাই করেন। আমরা কীভাবে জন্মদিন পালন করবো, তা নিয়ে কথা বলা আপনাদের সাজে না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা’এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিনে খালেদার জন্মদিন পালন বিষয়ে অব্যাহত বিতর্কের জবাবে গয়েশ্বর রায় বলেন, এই দিনটি নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। খালেদা জিয়ার জন্মদিন বলেই এই দিনটি নিয়ে এত তীর্যক মন্তব্য করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন দিন, জনগণ যদি আপনাকে বেছে নেয়, আমরা তা মেনে নেবো। প্রস্তুত হোন, নির্বাচন দিন।
গয়েশ্বর বলেন, শেখ মুজিব হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী। আজ শেখ হাসিনার আশেপাশে যে মন্ত্রীরা আছেন, বিশেষ করে হাসানুল হক ইনু, ১৫ আগস্টের প্রেক্ষাপট তৈরিতে তারা যে ভূমিকা পালন করেছেন, তা অনেকেই জানেন। তাকে এখন রাখাই হয়েছে, খালেদা জিয়াকে গালমন্দ করতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে গয়েশ্বর রায় চন্দ্র বলেন, শেখ হাসিনার কাছে ক্ষমতাই মুখ্য। নীতি-নৈতিকতা তাদের কাছে কিছুই না। তা নাহলে এইচ টি ইমাম এখন একমাত্র ইমাম হতে পারতেন না।
সংগঠনের সভাপতি আবু নাসের মু. রহমতুল্লাহর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য শামসুজ্জামান দুদু, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির সহ-সভাপতি শহীদুর রহমান তামান্না, ঢাকা মহানগর বিএনপির নব-নির্বাচিত কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





