জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত বিদেশে পলাতক খুনীদের ফিরিয়ে আনতে ও তাদের রায় কার্যকর করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।
রোববার দুপুর ১২টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন ও দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।
স্মারকলিপি লিখিত বক্তব্যে সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে স-পরিবারে হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনীদের মৃত্যুদণ্ড রায় হয়। এর মধ্যে পাঁচজনের রায় কার্যকর হলেও এখন পর্যন্ত ছয়জন বিদেশে পলাতক রয়েছে। রায়ের ছয় বছর পরও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতো ছাত্রলীগও ক্ষুদ্ধ।
লিখিত বক্তব্যে তিনি অতিসত্বর খুনিদের ফিরিয়ে আনার দাবি জানান।
এম এ





