দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জনবান্ধব নগরী গড়ে তুলতে সরকারের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানান।

বিবৃতি মহানগরী আমীর বলেন, সরকার জনগণের স্বার্থে কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দীর্ঘদিন ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র না থাকায় সিটি কর্পোরেশন দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে।

দীর্ঘদিন পর নামকা ওয়াস্তে নির্বাচনের মহড়া দেয়া হলেও ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারকে অনির্বাচিত অবৈধ বললেও দীর্ঘদিন অনির্বাচিত প্রশাসক দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চালানো হয়েছে। যা সরকারের স্ববিরোধীতায় প্রমাণ করে।

তিনি বলেন, বর্তমান সরকার এবং ঢাকা সিটি মেয়রগণ জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা দেশের মানুষ ও নগরবাসীর জীবনমান উন্নয়নের জন্য কোন কাজ না করে নিজেদের আখের গোছাতেই অতিমাত্রায় তৎপর। প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা সারাদেশে প্রভূত উন্নয়নের কথা বললেও বাস্তবচিত্র সম্পূর্ণ আলাদা। খোদ রাজধানী ঢাকার দিকে তাকলেই তা স্পষ্ট হয়ে উঠবে।

রফিকুল ইসলাম খান বলেন, সরকারের বাস্তবসম্পন্ন ও সময়োচিত পরিকল্পনার অভাবে পুরো ঢাকা মহানগরীই এখন শ্রীহীন ও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মওসুমে সংস্কারের নামে একই রাস্তা বারবার খোঁড়াখুড়ি, দুর্নীতি, টেন্ডারবাজী ও লুটপাটের কারণে মানহীন কাজ, রাজধানীর ভেতরে ও চারপাশে খালবিল, পুকুর ও জলাশয়গুলো দলীয় সন্ত্রাসীদের দ্বারা অবৈধভাবে দখল ও অপরিকল্পিত ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা ও সংশ্লিষ্ট বিভাগের সমন্নয়হীনতার কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিন্তু ক্ষমতা পাগল সরকার জনদুর্ভোগের কথা না ভেবে লাগামহীন দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। যা দেশ ও জাতির জন্য নিঃসন্দেহে অশনিসংকেত।

তিনি বলেন, পরিবহন খাতে ব্যাপক দুর্নীতি, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের যত্রতত্র ব্যবহার, যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনার অভাব ও সংশ্লিষ্ট ক্ষেত্রে আইন প্রয়োগের ব্যর্থতা ও সরকারের কার্যকরী পরিকল্পনা ও পদক্ষেপের অভাবেই ঢাকা নগরী এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। রাস্তাঘাট ও রাজপথের বেহাল দশা গণযোগাযোগ ও গণপরিবহনে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করেছে। অল্প বৃষ্টিপাতেই ঢাকা নগরীতে সীমাহীন জলাবদ্ধতা যানজটে নতুন মাত্রা যোগ করেছে।

গত কয়েক দিনের বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এমন কী জাতীয় সংসদ ভবন চত্তর থেকেও জলবদ্ধতা নিরসন করা সম্ভব হয়নি। মূলত সরকারের লাগামহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সীমাহীন স্বেচ্ছাচারিতা, সংর্কীর্ণ দলীয় স্বার্থ চরিতার্থ, অবৈধ ক্ষমতা লিপ্সা, অসময়োচিত ও অদূরদর্শী পরিকল্পনার কারণে ঢাকা মহানগরীতে জনদুর্ভোগ এখন চরমে উঠেছে।

তিনি ঢাকা মহারগরীর অচলাবস্থা ও জলাবদ্ধতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে গণবিরোধীতা পরিহার করে ঢাকা নগরীসহ যানজট নিরসন, জলাবদ্ধতা দুরীকরণ, রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ নগর জীবনের সকল সমস্যার সমাধান করে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সর্বাধুনিক ঢাকা মহানগরী গড়ে তুলতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

এআর