প্রধানমন্ত্রী সমর্থন দিলেই পাস করা যাবে না, আপনাদের ভোটের দরকার আছে বলে এক সভায় বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকার এরশাদ স্কুল মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি রাজধানীর হাজী ক্যাম্প এলাকার মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেন।
আনিসুল হক বলেন, কড়াইল বস্তিসহ অনেক বস্তির সমস্যা রয়েছে। বস্তিবাসীদের পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা হবে না। তারা আমাদের ভাই-বোন। তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের।
আনিসুল হক বলেন, আপনাদের ভোট দেওয়ার আগে চিন্তা করতে হবে কাকে ভোট দিলে আপনাদের পাশে থাকবে। আপনাদের চিন্তা করে আপনাদের আমানত প্রয়োগ করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলেই আমি মেয়র হতে পারবো না। তিনি আমাকে আওয়ামী লীগ থেকে সমর্থন করেছেন মাত্র। মেয়র হতে হলে আপনাদের ভোট দরকার।
নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিল মফিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী খালেদা আক্তার বিউটি প্রমুখ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এএইচ





