বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে ভয়াবহ সংকট চলছে। সবখানে অন্ধকার, বিভক্তি। সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ না হলে চলমান এই অন্ধকার থেকে আমরা বের হতে পারব না।

তিনি এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র নামক সূর্যকে ছিনিয়ে আনারও আহ্বান জানান।

বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ক্রিকেট অঙ্গন আয়োজিত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে। খেলাধূলা, বিয়ের অনুষ্ঠান থেকে থেকে শুরু করে সবখানে আজ বিভক্তি আর অন্ধকারে সংস্কৃতি। এই সংস্কৃতি আমাদের এগিয়ে নিতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া বন্দি হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা তাকে রাষ্ট্র ও গণতন্ত্রের ‘লৌহ মানবী’ বলি। অথচ তাকেসহ পরিবারের সদস্যদের নামে এই অবৈধ সরকার মিথ্যা মামলা দেয়। তাদের পাকিস্তানের চর হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করে, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক।’

তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া সমালোচনা করে বলেন, ‘আরাফাত রহমান কোকোর মত এতো বড় ক্রীড়া সংগঠক অকালে মৃত্যুবরণ করলেন। কিন্তু, এই বোর্ড একটি শোকবার্তাও দিল না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিসিবি শোকবার্তা দিলে তো ছোট হয়ে যেত না, বরং বড় হত। শোক জানায়নি, এতে কিছু যায়-আসে না। লাখ লাখ মানুষ কোকোর জানাজায় এসে তার জনপ্রিয়তা প্রমাণ করেছেন।’

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার জামিল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার তানজিব আহসান সাদ প্রমুখ।

এসএইচ