সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, 'তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে নিয়ে গিয়ে সাজা দিলে মানুষ বসে বসে চীনা বাদাম খাবে না। ১৯৫২ সালে ১৯৭১ সালে মানুষ চীনা বাদাম খায়নি, বুকের রক্ত দিয়ে অধিকার আদায় করেছে।'
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।
বর্তমান সময়কে সংকটময় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'একদিকে জাতিকে ধ্বংস ও আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য জঙ্গিবাদের কথা আনা হচ্ছে। অন্যদিকে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করার জন্য প্রধান বিরোধী দল ধ্বংস করার নীলনকশা বাস্তবায়ন শুরু হয়েছে।'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও সাজা দেয়া হবে বলে আশংকা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'ঘরে বসে থাকার সময় নেই। আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন। তারেক রহমান সাহেবের রায় প্রমাণ করেছে তারা আমাদের বুকের মধ্যে হাত দিয়েছে। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন- আমরা কেউ এখান থেকে বাদ যাব না।'
বিএনপির শীর্ষ থেকে গ্রাম পর্যায়ের নেতাদের সাজা দেয়ার চেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, 'বিএনপির নেতাকর্মীদের নামে থাকা মামলাগুলো দ্রুত শেষ করার জন্য ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনটি ট্রাইব্যুনাল করা হয়েছে।'
মির্জা ফখরুল অভিযোগ করেন, 'তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে সাজা দেয়া হয়েছে যাতে তিনি রাজনীতি এবং আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারেন।'
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।
এআই





