জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী তারেক রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার নং-১০৮৭/১৯। মামলায় আদালত আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক) অঞ্চল আমলী আদালতে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন বাদল মামলাটি দায়ের করেন।
পরে এ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মামলার বাকি আসামিরা হলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কওছর এম আহমেদ।
বাদী তার মামলার বিবরণে উল্লেখ করেন, লন্ডনের একটি অনুষ্ঠানের সংবাদ গত ১৯ আগস্ট ২০১৯ এনটিভিতে ২ ও ৩ নং বিবাদীর সহায়তায় প্রচারিত হয়।
এতে দেখা যায়, ১ নং বিবাদী তারেক রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা তিনি মানেন না। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মানহানিকর কথাবার্তা বলেন।
পরে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাদী আকরাম হোসেন বাদলের পক্ষে মামলাটি পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরুল হুদা।
এদিকে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন শিকদার জানান, সরকার তারেক রহমানকে ভয় পায়। তাদের মন্ত্রী-এমপিরা দিনে-রাতে, স্বপ্নে দেখে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসছেন।
তাই সুদূর লন্ডনে বসে সত্য ও যুক্তি দিয়ে বক্তব্য রাখলেও সেখানে তারা মানহানি ও রাষ্ট্রদ্রোহিতা খোঁজেন। এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।
এএস





