একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি ব্লেইম গেইমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ৬টি অভিযোগ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদও বিভিন্ন অভিযোগ করে গেছেন।

তিনি বলেন, তারা একটা ব্লেইম গেইম খেলছে। যেই ব্লেইম গেইমের মধ্য থেকে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে। সেটা এখন থেকেই বলা শুরু করেছে।

তিনি আরো জানান, নির্বাচন কমিশন বলেছে,নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে আগামী ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ সমস্ত ব্যাপারগুলো উত্থাপন করবে।

তিনি বলেন, আমরা এটাও বলেছি, বিদেশি যে পর্যবেক্ষকরা আসবেন, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। পর্যবেক্ষকেরা যাতে এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারসহ অন্যান্য শরিক দলের নেতারা।

এম বিল্লাহ