নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির ঢাকা মহানগর কমিটি গঠিত হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে সদস্য সচিব করে এই নতুন কমিটি গঠন করা হয়।

শুক্রবার রাত ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেন।

তিনি বলেন, "দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫৩ সদস্যের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।"

রিজভী জানান, এ আহ্বায়ক কমিটি মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির সম্মেলনের মাধ্যমে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

তিনি আরও জানান, এ আহ্বায়ক কমিটিতে চার নেতাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম।

কমিটিতে ছয় জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন- আবদুল আওয়াল মিন্টু, সালাউদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, এম এ কাইয়ূম ও আবু সাঈদ খান খোকন।

সদস্য করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ ভুলু, এস এ খালেক, আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাসির উদ্দিন অসীম, শাহাবুদ্দিন আহমেদ, আবদুল লতিফ, আবদুল মজিদ, আনোয়ারুজ্জামান আনোয়ার, সামিউল হুদা, সাজ্জাদ জহির, একরামুল হোসেন, ইউনুস মৃধা, বজলুল বাতিত আঞ্জু, সাদেক আহমেদ, আলী আকবর মাতবর, নিতাই চন্দ্র ঘোষ, আহসান উল্লাহ হাসান, বোরহানউদ্দীন জামান ওমর, হারুনূর রশিদ হারুন, সিরাজুল ইসলাম সিরাজ, গোলাম হোসেন, তানভীর আবেল বাবু, আবুল হাসান তালুকদার, আবু মোতালিব, আলী ইমাম আসাদসহ ৪৫ জনকে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ মে বেগম খালেদা জিয়া সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় তাদের। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষে কমিটি করা সম্ভব হয়নি।

ঢাকা, এমএইচ, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ