আন্দোলনের নামে নাশকতা ও জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । 
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পহেলা মার্চ রাজবাড়ির জনসভায় বেগম খালেদা জিয়া আবারও মিথ্যাচার করেছেন।  তিনি বলেন, ২৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন মাসে সারাদেশে ৩০৪ জনকে হত্যা করা হয়েছে বলে বেগম জিয়া যে তথ্য দিয়েছেন, তা মিথ্যা।
খালেদা জিয়ার কাছে তথ্যমন্ত্রী খুন হওয়া ৩০৪ জন ব্যক্তির নাম-ঠিকানা চেয়েছেন। যে ৬৫ জন গুম হয়েছে তাদেরও নাম ঠিকানা এবং বিএনপির কোন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন তার তথ্য চেয়েছেন।
এছাড়াও সারাদেশে ৩২ হাজার মামলায় ৩২ হাজার আসামীর নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তথ্য চেয়েছেন।
যদি খালেদা জিয়া এক মাসের মধ্যে এসব তথ্য দিতে না পারেন, তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি দাবি করেন।
তথ্যমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের নামে নাশকতা-জঙ্গিবাদকে হালাল করার অপচেষ্টা বন্ধ করুন। তিন মাসব্যাপী নাশকতা-হত্যা-নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চান। নির্দলীয় সরকারের রহস্যজনক প্রস্তাবের পরিবর্তে বাস্তবিক রূপরেখা দিন এবং যুদ্ধাপরাধী জামায়াত সন্ত্রাসীদের বর্জন করুন।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]