ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি বলেছেন, বিএনপি সকল আন্দোল সংগ্রামে ব্যার্থ হয়ে চোরাগোপ্তা হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল ফেনী উপজেলা চেয়ারম্যান একরামুল হকেক নৃশংসভাবে হত্যা করেছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীতে আওয়ামী যুবলীগ আয়োজিত 'গণতন্ত্রের জন্য সংগ্রাম' গ্রন্থের প্রদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অভ্যন্তরীণ কোন্দলে আওয়ামী লীগের এ নেতা খুন হয়েছে' মির্জা ফখরুলের এমন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত এ খুনের কুল কিনারা খুঁজে পায়নি। তাহলে তিনি কি করে (মির্জা ফখরুল) দাবি করলেন এ হত্যাকাণ্ড অভ্যন্তরীণ কারণে ঘটেছে। অতএব বলতে হয়, এ হত্যাকান্ডের সঙ্গে মির্জা ফখরুল সাহেবদের  যোগসাজশ রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আফম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবউল হক শাকিল,সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]