মেইড ইন লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহণযোগ্য হবে না। খালেদা জিয়া লল্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছেন। সহায়ক সরকারের রূপরেখা এদেশের মানুষ মেনে নেবে না।
বিএনপির ঈদের পর আন্দোলন শুরু প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ১৮টি ঈদ পার হলে ও বিএনপি ১৮ মিনিট মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি সামর্থ নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরা গাঙ্গে জোয়ার আসবে না।
সদস্য সংগ্রহে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাধারণ মানুষের কছে গ্রহন যোগ্য নয় এমন কাউকে আপনারা সদস্য বানাবেন না।
জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এমবি





