আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনই হচ্ছে রাজাকার ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসন এবং মুক্তিযোদ্ধাদের হত্যা।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট বার্তা নিয়ে এসেছেন। বাঙালী জাতি হিসেবে আমরা তার কাছে কৃতজ্ঞ। সেই উদীয়মান নেতাকে নিয়ে বিএনপি নেতারা যে কূরুচিপুর্ণ বক্তব্য দিয়েছেন। তারা খুব শীগ্রই এই কটূক্তির জন্য অবশ্যই অনুতপ্ত হবেন এবং দু:খ প্রকাশ করবেন।
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় বলেছেন- জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসিত করেছেন। এটা ঐতিহাসিক সত্য। তিনি ভুল বলেননি। জিয়ার রাজনৈতিক দর্শনই তো এটা। এটা সত্যিকারের ইতিহাস।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, খালেদা জিয়া রাজনৈতিক হতাশায় ভুগছেন বলেই তিনি এখন ঢাল-তলোয়ার নিয়ে আন্দোলন করার কথা বলছেন। তবে তার ডাকে জনগণ আর সাড়া দিবে না।
সকল রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, রাজনীতিতে রুচি হীনতা ও পাল্টাপাল্টি বক্তব্যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হচ্ছে। তাই রাজনৈতিক নেতাদের প্রতি আমার আহবান থাকবে রাজনীতিকে কু-সংস্কৃতি না বানিয়ে সু-সংস্কৃতি করে রাখবেন।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, সহ-সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।
এমআর/ এআর





