ঝিনাইদহ শহর শাখা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া বেগমসহ ১২ জন নেত্রী ও কর্মীকে গ্রেফতারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার দলটির পক্ষ থেকে এ নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, “আজ ২৭ জুন দুপুর সাড়ে ১২টায় ঝিনাইদহ সদর উপজেলার বেপাড়ী পাড়ার মহসিন মিয়ার বাড়ী থেকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ঝিনাইদহ শহর জামায়াতে মহিলা বিভাগের সেক্রেটারী সুমাইয়া বেগমসহ ১২ জন রোজাদার মহিলা নেত্রী-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের রাজনৈতিকভাবে হয়রারি করার উদ্দেশ্যেই এ পবিত্র মাহে রমজান মাসে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
"ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জামায়াতের গ্রেফতারকৃত মহিলা নেত্রী ও কর্মীরা রাষ্ট্র বিরোধী কর্মকান্ড এবং নাশকতার পরিকল্পনা করছিল বলে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয়।"
তিনি দাবি করেন, "তারা ঝিনাইদহ সদর উপজেলার বেপারী পাড়ার মহসীন মিয়ার বাড়ীতে মহিলাদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করছিলেন।"
তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকাসহ গ্রেফতারকৃত নেত্রী ও কর্মীদের অবিলম্বে নি:শর্তভাবে মুক্তি প্রদানের আহবান জানান তারা।
জেডআই





