‘করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনও সম্পর্ক নেই। কিন্তু এ ধরণের দায়িত্বহীন কথা তিনি আদৌ বলেছেন কি না, সেটি আমি জানি না, যদি তিনি বলে থাকেন আশা করবো এ ধরণের দায়িত্বহীন কথা কেউ বলবে না।’

বুধবার (২৫ মার্চ) তথ্য মন্ত্রণালয়ে ‘খালেদা জিয়ার মুক্তিতে করোনাভাইরাস থেকে দেশ মুক্তি পাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের জেরে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

মির্জা ফখরুল আসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন মিডিয়াতে দেখেছি যে, মির্জা ফখরুলের বরাত দিয়ে এ ধরনের একটি বক্তব্য ছাপানো হয়েছে।‘

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে সাধুবাদ না জানালেও বিএনপির পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। এবং সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে।’

করোনা মোকাবিলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকারি ছুটি দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, গণপরিবহন বন্ধ করা হয়েছে। এতে মানুষের চলাচল বন্ধ হলে করোনা ভাইরাস সংক্রমনটা রোধ হবে। অন্যান্য দেশ বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া এসব ব্যবস্থা নিয়ে অনেকটা সফল হয়েছে। সেই কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করি, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহাদুর্যোগ থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে পারবো।’

খালেদা জিয়ার মুক্তি বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে সিআরপিসির ৪০১ উপধারা অনুসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী।’

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা এতোদিন ধরে যে নেতিবাচক রাজনীতি করে আসছিলেন এবং ধ্বংসাত্মক রাজনীতি করে আসছিলেন, আমরা আশা করবো, প্রধানমন্ত্রীর এই উদারতার কারণে সেটি থেকে বিএনপি ফিরে আসবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এএস